Thursday, 19 October 2023

 

'মহাযাত্রা' শুরুর ঘোষণা ফখরুলের, ওবায়দুল কাদের বললেন ‘দাঁড়াতে দিবো না’


বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৮শে অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওই সমাবেশ থেকেই তাদের 'মহাযাত্রা' শুরু হবে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা আর থামবেন না।

বুধবার বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির এক সমাবেশ থেকে তিনি এই ঘোষণা দিয়েছেন।

তিনি ২৮শে অক্টোবরের মহাসমাবেশ থেকেই সরকার বিরোধী চূড়ান্ত কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন।

ওদিকে প্রায় একই সময়ে ঢাকায় সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেই সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “তারা (বিএনপি) অবরোধ করবে, আমরাও পাল্টা অবরোধ করবো । দাঁড়াতে দিবো না”।

তিনি বলেন, পশ্চিমারা নাকি বিএনপিকে উৎসাহ দিচ্ছে কিন্তু তাদের চারপাশেই এখন অশান্তির আগুন।

‘তবে নির্বাচনে যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয় সেটা আমরাও দেখতে চাই”, বলেছেন মি.কাদের।

ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশের কারণে শহরজুড়ে প্রচণ্ড যানজট তৈরি হয় এবং এজন্য বিভিন্ন জায়গায় দীর্ঘ সময় যানজটে পড়ে দুর্ভোগে পোহাতে হয়েছে মানুষকে।

দ্বাদশ সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আয়োজনের দাবিতে দীর্ঘদিন ধরেই ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে বিএনপি।

নির্বাচন কমিশন ইতোমধ্যেই জানিয়েছে নভেম্বর মাসেই ওই নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে এবং জানুয়ারির শুরুর দিকে নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হতে পারে।

ওদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে সক্রিয় যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ক্ষেত্রে যারাই বাধা হবে তাদের জন্য ভিসা নীতি প্রয়োগের ঘোষণা দিয়ে রেখেছে।

 

সাকিবের অভাব 'অপূরণীয়'


ভারতের ক্রিকেট উপস্থাপক হারশা ভোগলে বলেছেন, সাকিব না খেললে যে শূণ্যতা বাংলাদেশের একাদশে তৈরি হবে সেটা অপূরণীয়।

“সাকিব যদি না খেলেন সেখানে যে ফাঁকা জায়গা তৈরি হবে সেটা কখনোই পূরণ করার মতো নয়, আপনি আপনার দশ ওভার বল করা বোলার ও ওপরের দিকে ব্যাট করা ব্যাটার একসাথে হারাচ্ছেন”।

সাকিব না খেললে শান্ত, লিটন, মুশফিকের ওপর চাপ বাড়বে। তানজিদ তামিম এখনও পারফর্ম করেননি কিন্তু বাংলাদেশের ভালো করতে হলে এই তরুণদের ভাল খেলতেই হবে, বলছেন হারশা ভোগলে।

লিটন দাসকে নিয়ে শংকার কথা প্রকাশ করেছেন হারশা, তিনি বলেন, “বাংলাদেশ অনেক ক্রিকেটারই আসেন তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী ক্রিকেট খেলেননা। এটা দিনশেষে আফসোসের হবে যদি লিটন দাসও সেই তালিকায় নাম লেখান”।

শান্তর কথা আলাদাভাবে বলেন হারশা, ৩০-৪০ রান করলে হবে না, শান্তর বড় রান করতে হবে।

বাংলাদেশের বোলারদের সাবধান করে দিয়েছেন হারশা, যেন রোহিত শর্মাকে শর্ট বল না করেন তারা।

রোহিত শর্মা সম্প্রতি তুখোড় ফর্মে আছেন, আফগানিস্তানের বিপক্ষে শতক ও পাকিস্তানের বিপক্ষে ৮৫ রানের একটি ইনিংস খেলেছেন।

ভারতের ক্রীড়া সংগঠক ও লেখক জয় ভট্টাচার্য বলেন, “আমি তাসকিনকে পছন্দ করি। উইকেট নিতে পারেন এবং দুর্দান্ত অ্যাকশন”।


 

'ভারতের কাছে পাত্তাই পাবে না বাংলাদেশ'- শেন বন্ড


বিশ্বকাপে বৃহস্পতিবারের ম্যাচে পুনেতে ভারত জিতলে সেমিফাইনালের পথে আরও এক পা দিবে রোহিত শর্মার দল, বাংলাদেশ জিতলে কোনও মতে আশা টিকিয়ে রাখবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাকিব আল হাসান একটি চোট পেয়েছিলেন, তা অনেকটাই সেরে উঠেছে বলেছেন বাংলাদেশের কোচ চান্ডিকা হাথুরুসিংহা।

কিন্তু ‘সাকিব খেলবেনই’- এই নিশ্চয়তা তিনি দেননি।

ভারতের বোলিং কোচ পরশ মামব্রে যদিও বলেছেন সাকিবকে নিয়ে ভারত ভাবছে না, কিন্তু এই ম্যাচের আগে দুই দেশের বিশ্লেষকরাই সাকিবকে নিয়ে কথা বলছেন।

ভারতের বিপক্ষে সাকিব বাংলাদেশের আট জয়ে দুইবার ম্যান অফ দ্য ম্যাচ, ব্যাট হাতে ২২ ম্যাচে ৭৫১ রান তুলেছেন ৩৭ গড়ে, করেছেন ৯টি ফিফটি।

বল হাতে ২২ ম্যাচে নিয়েছেন ২৯ উইকেট, একবার ৫ উইকেট নিয়েছেন এবং গড় ৩২.৬৬।

Wednesday, 18 October 2023




 🚨 Iconic Moment 🇧🇷🇧🇩


ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনালদিনহোর সাথে আমাদের ক্যাপ্টেন জামাল ভূঁইয়া 😍


🇧🇷 Ronaldinho Gaúcho 🤝 Jamal Bhuyan 🇧🇩🫶💖

 

পুনেতে টানটান উত্তেজনায় আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত

বিশ্বকাপ ক্রিকেটে – তা সে ওয়ানডে বা টিটোয়েন্টি যে ফর্ম্যাটেই হোক – বাংলাদেশ আর ভারত মুখোমুখি হলেই নাটকীয়তার ছড়াছড়ি থাকে সাধারণত। মাঠের বাইরে যেমন, মাঠের ভেতরেও – আর এই ট্র্যাডিশন সেই ২০০৭-এ ক্যারিবিয়ান থেকে চলছে।

সেই ষোলো বছর আগে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেই কার্যত টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। ঘটনাচক্রে বাংলাদেশ ক্রিকেটের শ্রেষ্ঠ তারকা সাকিব আল হাসানের সেটাই ছিল প্রথম বিশ্বকাপ, আর ভারতকে হারানোতে বড় ভূমিকা রেখেছিল তরুণ সাকিবের হাফ সেঞ্চুরি।

আজ তার এতকাল বাদে পুনে-তে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে সেই বিশ্বকাপের আসরেই যখন দুই দল মুখোমুখি হচ্ছে, তখন কিন্তু ছবিটা সম্পূর্ণ উল্টো।

বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বুধবার সন্ধ্যায় স্বীকার করলেন, এই মুহুর্তে টুর্নামেন্টে ‘ইন ফর্ম’ টিম হল ভারতই – যারা দুর্ধর্ষ খেলছে।

অন্য দিকে বাংলাদেশের জন্য শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিঁকে থাকতে এই ম্যাচটা জেতা ভীষণ ভীষণ জরুরি – ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটো ম্যাচে হেরে তাদের পিঠ একরকম দেওয়ালে ঠেকে গেছে বলা চলে।

বাংলাদেশের জন্য আরও দুশ্চিন্তার কথা, সাকিব আল হাসানকে আজকের ম্যাচে পাওয়া যাবেই – তা এখনও একশো ভাগ নিশ্চিত নয়।

ভারতও পাশাপাশি জানিয়ে রেখেছে, বিশ্বকাপে খেলা দল হিসেবে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে তারা সমীহ করছে ঠিকই – তবে তারা পর পর তিনটে ম্যাচে জেতার ‘মোমেন্টাম’টা এই ম্যাচেও ধরে রাখতে চায়।

 

‘আইএমএফের শর্ত পূরণে সময় চেয়েছে বাংলাদেশ’

বাংলাদেশের রিজার্ভ সংকট এবং আন্তর্জাতিক মুদ্রা সংস্থার ঋণ নিয়ে কালের কণ্ঠের প্রধান শিরোনাম, আইএমএফের শর্ত পূরণে সময় চেয়েছে বাংলাদেশ। এতে বলা হয়েছে, আইএমএফ যেসব শর্তে বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছিল, সেগুলো থেকে তিনটি বড় শর্ত শিথিল করতে সম্মত হয়েছে সংস্থাটি।

এসব শর্ত হলো স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের দাম নির্ধারণ, রাজস্ব আয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নির্দিষ্ট রাখা। বাংলাদেশের পক্ষ থেকে এই শর্তগুলো শিথিল করার প্রস্তাব দেয়া হয়েছে। একই সাথে এগুলো বাস্তবায়নের জন্য সময় চেয়েও প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই প্রস্তাবে সম্মতি দিয়েছে আইএমএফ।

বাংলাদেশকে আইএমএফ যে ঋণ দিয়েছে তার দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে আইএমএফকে যেসব শর্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যা কতটা বাস্তবায়ন হয়েছে তা যাচাই করতে একটি মিশন এসেছে ঢাকায়।

সেসব শর্তের বেশিরভাগই বাস্তবায়ন করা হলেও রিজার্ভের মজুদ, রাজস্ব আয় বাড়ানো এবং পেট্রোলিয়াম পণ্যের জন্য ফর্মুলাভিত্তিক মূল্য সমন্বয় পদ্ধতি চালু করতে পারেনি। সরকারের তরফ থেকে আগামী জাতীয় নির্বাচনের পর থেকে এসব কাজ শুরুর কথা বলা হয়েছে।

এদিকে, ঢাকায় বুধবার বড় দুই রাজনৈতিক দলের সমাবেশ এবং পাল্টাপাল্টি বক্তব্যই সব সংবাদপত্রের প্রধান শিরোনাম হয়েছে। এনিয়ে দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ‘শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী’।

এ খবরে বলা হয়েছে রাজধানীতে অনুষ্ঠিত শান্তি সমাবেশ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি একটি শেষবার্তা দিতে চান। আর সেটি হচ্ছে, আগামী নির্বাচনের শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী হবেন।

শেখ রাসেলের ৬০তম জন্মদিনে উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ওই সমাবেশের আয়োজন করে। সেখানে তিনি আগামী নির্বাচনেও জনগণের ভোটে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনেকটা একই শিরোনাম করেছে আরেকটি পত্রিকা মানবজমিন। দৈনিকটির প্রথম পাতার খবর নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। এই খবরটিতে বলা হয়েছে, বিএনপিকে শেষ বার্তা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে শেখ হাসিনা নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রী থাকবেন।

 

গাজায় ত্রাণ পৌঁছাতে ক্রসিং খুলে দিতে রাজি হয়েছে মিশর

মিশরের প্রেসিডেন্ট গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে একটি সীমান্ত ক্রসিং খুলে দিতে রাজি হয়েছেন, যেখানে ত্রাণবাহী ২০টি পর্যন্ত ট্রাক যেতে পারবে।

এদিকে, ইসরায়েলের মানুষের সাথে সংহতি জানিয়ে দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মধ্যপ্রাচ্যের পথে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বৃহস্পতিবার সকালেই ইসরায়েলে পৌঁছানোর কথা রয়েছে।

ওদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গাজার হাসপাতালে হামলার ঘটনায় মৃতের সংখ্যা আরও বেড়েছে এবং এ পর্যন্ত ৪৭১ জন মারা গেছে।

হাসপাতালে বিস্ফোরণের সাথে নিজের সম্পৃক্ততার খবর প্রত্যাখ্যান করেছে ইসরায়েল এবং প্রেসিডেন্ট জো বাইডেনও ইসরায়েলের এ অবস্থানকে সমর্থন করেছেন।

যদিও হামাস তাৎক্ষনিকভাবে ওই ঘটনার জন্য ইসরায়েলকেই দায়ী করেছিলো। তবে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফের অভিযোগ ফিলিস্তিনিদের ছোড়া রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘটনাটি ঘটেছে।

তবে আরব বিশ্বের অনেক দেশই হামাসের মতো ইসরায়েলকেই ওই হামলার জন্য দোষারোপ করেছে এবং আরব নেতারা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তাদের বৈঠকও বাতিল করেছেন।

যুদ্ধবিরতির আওতায় গাজা থেকে আরও ১২ জিম্মি ও ৩০ ফিলিস্তিনি বন্দি মুক্তি

  ইসরায়েল জানিয়েছে, হামাস তাদের আরও ১২ জন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং মুক্তির পর তারা গাজা ছেড়ে ইসরায়েলে এসে পৌঁছেছেন। এদের মধ্যে দুইজন থাই ন...